নিজের ইচ্ছেগুলোকে বারবার অন্যের জন্য চাপা দিতে দিতে ক্লান্ত লাগে
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার নিজের ইচ্ছেগুলোকে বারবার অন্যের জন্য চাপা দিতে দিতে একটা সময় সত্যিই ক্লান্ত লাগে। সবসময় সবার খুশির কথা ভাবতে ভাবতে নিজের চাওয়াগুলো কোথায় যেনো হারিয়ে যেতে থাকে। চারপাশের মানুষ যখন নিজের সুবিধার কথা বলে, তখন আমিও চেয়েছি কখনো সখনো একটু নিজের মতো করে কিছু করতে। কিন্তু সেটা করা হয়ে ওঠে না। কারণ মনে হয় কেউ কষ্ট পাবে, কেউ মন খারাপ করবে, তাই নিজেকে চুপ করিয়ে দিই।আচ্ছা আপনি কি জানেন, এই চুপ করে যাওয়া, নিজের ইচ্ছেগুলোকে পেছনে ফেলে দেওয়া আসলে ভেতর থেকে একটা সময় খুব ভারী করে তোলে। মুখে কিছু না বললেও ভেতরে অনেক প্রশ্ন জমে যায়। একটা সময় মন চায় না আর কাউকে খুশি করতে, কারণ নিজের ভেতরে তো আর কোনো খুশি থাকে না।
অনেকেই ভাবে, নিজের জন্য না বাঁচাটাই ভালোবাসা, ত্যাগ। কিন্তু আমি বলবো, এইভাবে চলতে চলতে একসময় মানুষ নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলে। তখন আর বুঝতে পারে না আসলে সে কী চাইতো, কীসে তার ভালো লাগত। মানুষ কেবল অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের অনুভূতিগুলোকে অস্বীকার করে।সব সময় মনে হয়, আমি যদি একবারও নিজের জন্য ভাবতাম, যদি একটু সাহস করে বলতাম, না, এটা আমি করতে চাই না বা এটা আমি নিজের মতো করে করতে চাই তাহলে কি খুব বড় কিছু নষ্ট হয়ে যেত? সবাই কি খুব কষ্ট পেত? হয়তো না। হয়তো আমি নিজের জায়গাটা কিছুটা হলেও ধরে রাখতে পারতাম।
আপনি নিজেও যদি সবসময় শুধু অন্যের কথা ভেবে চলেন, তাহলে বলবো একটু থামুন। নিজের মনের কথা শুনুন। আপনি কী চাইছেন, সেটাও গুরুত্ব পায়। সবসময় সবার ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের ওপর এত চাপ দেবেন না যে আপনি নিজের চেনা রূপটাই ভুলে যান।এই সমাজে আমরা যারা একটু বেশি ভাবি, একটু বেশি অনুভব করি, তাদের মাঝেই এই চাপা পড়ে থাকা ইচ্ছার ভার সবচেয়ে বেশি। কিন্তু এই ভার বইতে বইতে মানুষ একসময় হাঁপিয়ে ওঠে। তাই সময় থাকতে নিজের জন্যও একটু ভাবুন। কারণ আপনি নিজে ভালো না থাকলে, কারও ভালো রাখাটাও একসময় ভেঙে পড়ে।

