সফলতা আসেই কিন্তু ব্যর্থতা থেকে!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা সবাই জীবনে সফল হতে চাই।কিন্তু সেই সাফল্যের পথে কখনোই কেবল ফুলের বিছানা থাকে না। পথে অনেক বাধা আসে আর আসে বারবার ব্যর্থতা। অনেকেই মনে করেন ব্যর্থতা মানেই সব শেষ,কিন্তু আসলে ব্যর্থতাই হলো সফলতার আসল শিক্ষক।ব্যর্থতা আমাদের শেখায় কীভাবে আবার নতুনভাবে শুরু করতে হয়। যখন আমরা কোনো কাজে ব্যর্থ হই,তখন সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় কোথায় ভুল হয়েছে।এই ভুলগুলোই আমাদের অভিজ্ঞতা দেয় এবং পরের বার আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে।তাই বলা যায়, ব্যর্থতা ছাড়া প্রকৃত সফলতা পাওয়া প্রায় অসম্ভব।
ইতিহাসে তাকালেই দেখা যায়,অনেক মহান মানুষ জীবনে অগণিত ব্যর্থতার মুখোমুখি হয়েছেন।উদাহরণস্বরূপ,টমাস এডিসন শত শতবার চেষ্টা করে কারেন্ট আবিষ্কার করেছিলেন।তিনি প্রতিটি ব্যর্থতাকে দেখেছিলেন নতুন এক শিক্ষা হিসেবে।তার সেই ধৈর্য আর অধ্যবসায়ের ফলেই আজ আমরা আলোয় আলোকিত পৃথিবী পেয়েছি।ব্যর্থতা মানুষকে শুধু শেখায়ই না, মানসিকভাবে শক্তও করে তোলে। যখন কেউ বিপর্যয়ের মধ্যেও হাল না ছেড়ে সামনে এগোয়, তখন তার আত্মবিশ্বাস বাড়ে। এই আত্মবিশ্বাসই পরবর্তীতে সফলতার ভিত্তি গড়ে দেয়।
তবে ব্যর্থতাকে ভয় পাওয়া উচিত নয়। কারণ ভয় আমাদের আটকে রাখে, চেষ্টা করার সাহস কেড়ে নেয়। বরং ব্যর্থতাকে সঙ্গী করে এগিয়ে যেতে পারলেই আমরা একদিন কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারি।সফলতার পথে ব্যর্থতা কোনো বাধা নয়, সেতু। প্রতিটি ব্যর্থতা হলো একেকটি শিক্ষা, আর সেই শিক্ষা নিয়েই আমরা ধীরে ধীরে সফলতার শিখরে পৌঁছাই। তাই হতাশ না হয়ে আমাদের মনে রাখতে হবে সফলতা আসবেই, কিন্তু তার আসল শুরু হয় ব্যর্থতা থেকেই।

