চাওয়া আর পাওয়ার মাঝের দূরত্বটা যেনো অনেক বেশি!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মাঝেমধ্যে মনে হয় চাওয়া আর পাওয়ার মাঝের দূরত্বটা যেনো আজকাল অনেক বেশি। ছোটবেলায় ইচ্ছা ছিলো বড় হয়ে অনেক কিছু করবো। নিজের মতো জীবন কাটাবো, নিজের জন্য কিছু বানাবো, পরিবারের মুখে হাসি ফোটাবো। কিন্তু আসলে যখন বড় হলাম, তখন বুঝলাম শুধু চাইলে কিছু হয় না। পাওয়ার জন্য লড়াই করতে হয়, ত্যাগ করতে হয়, ধৈর্য রাখতে হয়।অনেকের মুখের হাসিটাও তাতে আর থাকে না। কিছু কিছু জিনিস এতো চাইলেও পাওয়া যায় না। হয়তো আপনি সারাজীবন ভালোবাসা চাইলেন, কিন্তু সে ভালোবাসাটা এমন কারো থেকে পেলেন না যাকে আপনি চেয়েছেন। হয়তো আপনি একটা সুন্দর সম্পর্ক চাইলেন, কিন্তু সব সময় সম্পর্কগুলো টিকে না। হয়তো আপনি জীবনে একটু স্থিরতা চাইলেন, কিন্তু বারবার এমন কিছু হয়, যেটা আবার সব এলোমেলো করে দেয়।
আসলে এই যে দূরত্বটা চাওয়া আর পাওয়ার মাঝখানে এটাই সবচেয়ে কষ্টের। অনেক সময় আপনি যতটা খেটেছেন, তার চেয়েও কম ফল পেয়েছেন। আবার অনেকেই আছে, যারা চায়ও না, কিন্তু পেয়ে যায়। তখন নিজেকে নিয়ে প্রশ্ন আসে সব ঠিকঠাক করেও আমি কেনো পারলাম না?আসলে মূলত সমস্যা হলো, আমরা ভাবি সব কিছু চাইলেই পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। এখানে অনেক সময় সঠিক মানুষ, সঠিক সময়, সঠিক সুযোগ এই তিনটার মিলে যাওয়াটাও খুব দরকার। তার আগে শুধু চেষ্টা করেই গেলে, সেটা হয়তো একটা দিন কাজে দেবে, হয়তো অনেকদিন লাগবে। কিন্তু হাল ছেড়ে দিলে তো পাওয়ার সম্ভাবনাটাও মুছে যাবে।
তবুও আমাদের মনের মধ্যে কিছু চাওয়া থেকে যায় যেটার কোনো নিশ্চয়তা নেই। কিছু স্বপ্ন থেকে যায়, যেগুলো মনে হয় আর কখনো পূর্ণ হবে না। তখন মনে হয়, চাওয়া কি ভুল ছিলো? না কি আমি সেটা পাওয়ার মতোন যোগ্য না?সব মিলিয়ে এই দোটানার জীবন খুব বেশি কঠিন। তবুও হয়তো চলতে হয়, কারণ মানুষ থেমে গেলে সব কিছু থেমে যায়। এই দূরত্ব মেনে নিয়েই নিজেকে শক্ত রাখতে হয়। হয়তো একদিন কোনো এক চাওয়া সত্যি হয়ে যাবে। অথবা কোনো একদিন নিজের মনের সঙ্গে আপস করে নিতে হবে যেসব কিছু পাওয়া যায় না, কিছু শুধু চাওয়ার মধ্যেই রয়ে যায়।

