এক অসাধারণ জলধারা ও মাছ ধরার দৃশ্য
প্রকৃতির সৌন্দর্য কখন, কোথায়, কীভাবে আমাদের মন ছুঁয়ে যাবে তা আগে থেকে বোঝা যায় না। তারাপিঠ ভ্রমণে গিয়ে এমনই এক মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হয়েছিলাম। মূলত অন্য একটি জায়গায় ঘুরতে যাওয়ার সময় এই স্থানটি চোখে পড়ে যায়। দূর থেকে জলের শব্দ আর মানুষের ভিড় দেখে কৌতূহল বশত সেখানে কিছুক্ষণ দাঁড়াই। আর তারপরই চোখের সামনে ভেসে ওঠে এক অপূর্ব দৃশ্য, যা সত্যিই মনকে মুগ্ধ করে দিয়েছিলো। উঁচু ব্রিজের উপর দাঁড়িয়ে নিচের দিকে তাকাতেই দেখতে পেয়েছিলাম নদীর উপর তৈরি ছোট ছোট পাথরের বাঁধের ফাঁক দিয়ে জল ঝর্ণার মতো নিচে নেমে আসছে। জলের সেই সাদা ফেনা আর প্রবল স্রোত পুরো পরিবেশটাকে অন্যরকম সৌন্দর্যে ভরিয়ে তুলেছিল। দূর থেকে দেখলে মনে হচ্ছিল যেন ছোট ছোট জলপ্রপাত একসাথে বইছে। প্রকৃতির এই সাধারণ অথচ অসাধারণ রূপ সত্যিই চোখে লেগে থাকার মতো ছিল।
সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল স্থানীয় মানুষদের মাছ ধরার দৃশ্য। কয়েকজন নদীর মাঝখানে দাঁড়িয়ে জাল ছুঁড়ে মাছ ধরছিল। জাল ছোড়ার মুহূর্তটা ছিল দারুণ সুন্দর, বাতাসে ছড়িয়ে পড়া সাদা জাল যেন কয়েক সেকেন্ডের জন্য জলের উপর এক শিল্পকর্ম তৈরি করছিল। আবার স্রোতের মধ্যে দাঁড়িয়ে তাদের পরিশ্রমও খুব কাছ থেকে অনুভব করা যাচ্ছিল। কেউ জাল ফেলছে, কেউ আবার স্রোতের সাথে লড়াই করে ভারসাম্য বজায় রাখছিল। এই দৃশ্য শুধু মাছ ধরা নয়, বরং মানুষের জীবিকা ও সংগ্রামের এক বাস্তব প্রতিচ্ছবি ফুটে উঠেছিলো। তারাপিঠকে আমরা সাধারণত ধর্মীয় স্থান হিসেবেই বেশি চিনি। কিন্তু এর আশেপাশেও যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য লুকিয়ে আছে, তা এই ভ্রমণে না এলে হয়তো জানতেই পারতাম না। ভ্রমণের আসল আনন্দ এখানেই, হঠাৎ করেই অচেনা কোনো জায়গা আমাদের মনে গভীর ছাপ ফেলে যায়।
