উৎসব শেষে গ্রামের নীরবতা
Image Created by OpenAI
উৎসব মানেই আলো, আনন্দ, মানুষের ভিড় আর একসাথে চলাফেরার উচ্ছ্বাস। গ্রামে কোনো উৎসব এলে সেই আনন্দ যেন আরও গভীর হয়ে ওঠে, কারণ সেখানে সবকিছুই ঘটে মনের মতো। কিন্তু উৎসব শেষ হয়ে গেলে যে নীরবতা নেমে আসে, তারও আছে এক আলাদা সৌন্দর্য, এক অন্যরকম অনুভূতি। উৎসবের দিনগুলোতে গ্রামের প্রতিটি বাড়ি, উঠোন, রাস্তা ইত্যাদি সবকিছুই যেন জীবন্ত হয়ে ওঠে। দূর থেকে ঢাকের শব্দ ভেসে আসে, সন্ধ্যায় মাইক থেকে গান বাজে, শিশুরা নতুন পোশাক পরে দৌড়াদৌড়ি করে, আর বড়রা ব্যস্ত থাকে অতিথি আপ্যায়নে। বাজারে ভিড়, মেলায় হাসি, আর প্রতিটি মুখে আনন্দের ছাপ ফুটে ওঠে। সব মিলিয়ে যেন পুরো গ্রামটাই হয়ে ওঠে এক বিশাল পরিবার।
কিন্তু হঠাৎই যখন উৎসব শেষ হয়ে যায়, তখন সেই চেনা জায়গাগুলোই অচেনা মনে হতে শুরু করে। আসলে সারা বছর আমরা অপেক্ষায় থাকি কখন উৎসব আসবে। কিন্তু যখন দেখতে দেখতে শেষ হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই মনের দিক থেকেই একটা খারাপ লাগা কাজ করে। আর মনটাকে আমরা 'আসছে বছর আবার হবে' এই বাক্যের মাধ্যমে শান্তনা দিয়ে থাকি। উৎসবের শেষে বিশেষ করে গ্রামের দিকে বিষয়টা বোঝা যায়। উৎসবের সময় যে বাড়িগুলোতে সকাল থেকেই কোলাহল থাকত, সেখানে আবার ফিরে আসে স্বাভাবিক ছন্দ অর্থাৎ একটা নীরবতা। যেন আনন্দের ঢেউ সরে গিয়ে শান্ত জলের মতো স্থিরতা নেমে আসে। তবে এই নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে পরের উৎসবের অপেক্ষা।
