Better Life with Steem||The Diary Game|| 19 July 2026||
প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে উঠে কিছু সময় প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করার উদ্দেশ্যে আমাদের বাড়ির পাশের এলাকায় যাই। সেখানে গিয়ে চারপাশের মনোমুগ্ধকর পরিবেশ ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি। মাঝে
মাঝে এভাবে প্রকৃতির মাঝে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। কারণ প্রকৃতির সান্নিধ্যে থাকলে খুব সহজেই মন সতেজ ও প্রফুল্ল হয়ে যায়। বাড়িতে ফেরার আগে আজও একটি সুন্দর ছবি তুলে রাখি, যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রকৃতির অপরূপ সৌন্দর্য সত্যিই মনকে ভালো করে দেয়।
প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে বাড়িতে ফিরে প্রথমে ফ্রেশ হই। এরপর সকালের খাবার খেয়ে কিছু সময় বিশ্রাম নিই। সকাল ১০টা বাজলে প্রতিদিনের মতো স্কুলের উদ্দেশ্যে রওনা দিই।
স্কুলে পৌঁছে প্রথমে অফিসে বসে সহকর্মীদের সঙ্গে কিছুক্ষণ আলাপ-আলোচনা করি। এভাবেই সাড়ে ১০টা বেজে যায়। এরপর দপ্তর ফরিদ ভাই ক্লাসের ঘণ্টা বাজালে আমরা সবাই নিজ নিজ শ্রেণিকক্ষে
গিয়ে পাঠদান শুরু করি। প্রথম ক্লাস শেষ হওয়ার পর ৩০ মিনিট বিরতি থাকে। বিরতির সময় অফিসে বসে ছিলাম। এমন সময় ফরিদ ভাই আমাদের জন্য মুড়ি মাখিয়ে এনে দিলেন। সবাই মিলে আনন্দের সঙ্গে মুড়ি খেয়ে কিছুক্ষণ গল্প করলাম।
এরপর আবার ক্লাসের ঘণ্টা বাজলে আগের মতোই দুপুর পর্যন্ত আরও চারটি ক্লাস নিই। চারটি ক্লাস শেষ হওয়ার পর টিফিনের সময় হলে আমি বাড়িতে ফিরে আসি। বাড়িতে এসে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিই। তারপর দুপুর ২টার আগেই আবার স্কুলে চলে যাই।
দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিয়মিত ক্লাস নিই। বিকেল ৪টায় স্কুল ছুটি হলে সোজা বাড়ি না গিয়ে ছোট ভাই ফরিদুল ইসলামের ফার্মেসির দোকানে কিছু সময় কাটাতে যাই। সেখানে গিয়ে তার একটি ছবি তুলে রাখি, যা আজকের পোস্টে শেয়ার করেছি।
ওষুধের দোকানে প্রায় এক ঘণ্টা সময় কাটানোর পর বাড়ির জন্য চারটি কৃমির ওষুধ কিনে নিয়ে রওনা দিই। কারণ বাড়ি থেকে ওষুধ আনতে বলা হয়েছিল। পথে যাওয়ার সময় হঠাৎ মামাতো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। তিনি আমাকে তাদের বাড়িতে নিয়ে যান।
তাদের বাড়িতে গিয়ে দেখি একটি সুন্দর পোষা বিড়াল আরাম করে শুয়ে আছে। বিড়ালটি দেখতে আমার খুবই ভালো লাগে। তাই স্মৃতি হিসেবে একটি ছবি তুলে রাখি। এরপর মামাতো ভাইদের সঙ্গে কিছুক্ষণ গল্প করি এবং হালকা নাস্তা খেয়ে বিকেল ৫টার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।
বাড়িতে ফিরে প্রথমে ওষুধগুলো দিয়ে দিই। এরপর ফ্রেশ হয়ে নিজের রুমে কিছুক্ষণ বিশ্রাম নিই। তারপর সাড়ে ৫টার দিকে মাস্টার বাজারে চলে যাই। সেখানে গিয়ে রাত ৮টা পর্যন্ত বন্ধুদের সঙ্গে দাবা খেলি। দাবা খেলতে আমার বেশ ভালো লাগে, তাই সুযোগ পেলেই কিছু সময় এ খেলায় কাটানোর চেষ্টা করি।
রাত ৮টার দিকে বাড়ি থেকে ফোন আসলে বাড়িতে ফিরে যাই। এরপর পরিবারের সবাইকে নিয়ে রাতের খাবার খাই। খাবার শেষে কিছু সময় অনলাইনে কাটিয়ে রাত ১০টার আগেই ঘুমিয়ে পড়ি।
যাইহোক,এভাবেই কেটে গেল আমার সারাদিনের ব্যস্ত সময়। আশা করি আমার আজকের দিনলিপি আপনাদের ভালো লাগবে। আপনাদের মতামত অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।






Thank you so much for your support.❣️❣️