" ভিন্ন স্বাদের ম্যাগী রেসিপি - (Veg Atta Noodles with Boneless Chicken Recipe) "
|
|---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি খুব ভালো কেটেছে।
অনেকদিন বাদে আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, যেটি খুবই সহজ ভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করেছিলাম। যার স্বাদ ছিলো অসাধারণ।
সত্যি কথা বলতে বৃষ্টিমুখর দিনে একটু ভিন্ন স্বাদের জিনিস খেতে বেশ ভালোই লাগে। আজকেও এই রকমই একটা বৃষ্টিমুখর সন্ধ্যা ছিলো, তাই আমার আর শুভর জন্য বাড়িতে জট জলদি ম্যাগি দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করেছি।
আমি সম্পূর্ণ রেসিপিটা নিজের মতো করেই তৈরি করেছি, তবে খেতে এতো ভালো হবে এটা সত্যিই ভাবি নি। তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি, যাতে আপনারাও একবার এভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন।
ম্যাগি জিনিসটা যদিও স্বাস্থ্যকর নয়, তবে আমি এক্ষেত্রে মশালা আটা ভেজ নুডুলস ব্যবহার করেছিলাম, যেটা অন্যান্য ম্যাগীর থেকে একটু হলেও স্বাস্থ্যকর বলে আমি অন্তত বিশ্বাস করি। যাইহোক এই আটা ভেজ নুডুলসের পাশাপাশি আমি আর কি কি উপকরণ ব্যবহার করেছিলাম, সেটাই প্রথমে আপনাদের সাথে শেয়ার করি,-
|
|---|
|
|---|
আমি যে প্যাকেট থেকে নুডুলস ব্যবহার করেছিলাম, তার মধ্যে চারটে ম্যাগীর টুকরো ছিলো। যেখান থেকে আমি তিনটে রান্না করেছিলাম। যেহেতু এটা আমার আর শুভর রাতের ডিনার ছিলো, তাই পরিমাণে একটু বেশিই করেছিলাম।
প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা পাত্রে পরিমাণ মতো জল নিয়ে তার মধ্যে লবণ এবং সাদা তেল দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর ম্যাগি গুলো সেই জলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে। ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর, ম্যাগি গুলো গরম জল থেকে ঝরিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে রেখে দিতে হবে। ঠান্ডা জল দেওয়ার কারণ হলো, যাতে ম্যাগি গুলো একে অপরের গায়ে আটকে না যায়। ।
যে চিকেনের টুকরোগুলো আমি ব্যবহার করেছি, সেগুলো ডিপ ফ্রিজের মধ্যে রাখা ছিলো। তাই একটু উষ্ণ গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর ততক্ষণে আমি আমার প্রয়োজন মত দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। বাড়িতে গাজর বীনস্ কোনো কিছুই ছিল না। যদি থাকত তাহলে আমি সেগুলো ব্যবহার করতাম। তবে এই ভেজ আটা নুডুলসের মধ্যে যে মসলার প্যাকেট থাকে, তার মধ্যে মসলার পাশাপাশি কড়াইশুঁটি, গাজর এই সমস্ত কিছুই দেওয়া থাকে। এই কারণে আমি শুধুমাত্র পেঁয়াজ কেটে নিয়েছিলাম।
যাইহোক গ্যাস জ্বালিয়ে যে কড়াইতে আমি রান্না করবো সেটি প্রথমে বসিয়ে দিয়েছিলাম। একটু গরম হয়ে যাওয়ার পরে প্রয়োজন অনুসারে সাদা তেল দিয়ে, তার মধ্যে আগে থেকে কুঁচিয়ে রাখা পেঁয়াজ ও সামান্য লবণ দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর দু চামচ আদা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে।
পেঁয়াজ গুলো বেশ নরম হয়ে এলে আগে থেকে ভিজিয়ে রাখা বোনলেস চিকেন গুলো দিয়ে দিতে হবে। এরপর সামান্য লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু ভালোভাবে ভাজতে হবে, যাতে চিকেন গুলো সেদ্ধ হয়ে যায়।
কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে বেশ কিছুটা গোল মরিচের গুড়ো চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। রেসিপিটিতে আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। তার বদলে বেশি পরিমাণে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি। চাউমিন হোক কিংবা ম্যাগী, এর মধ্যে আমি এবং শুভ দুজনেই গোল মরিচের ফ্লেভারটা ভীষণ পছন্দ করি।
এরপর একটা পাত্রের মধ্যে প্যাকেট কেটে ম্যাগী মসলাগুলো ঢেলে নিয়েছিলাম, যাতে সেগুলো কড়াইতে দিতে সুবিধা হয়। তারপর ঢাকনা খুলে চিকেন গুলোকে আরো একবার ভালোভাবে নাড়াচাড়া করে, তার মধ্যে ম্যাগীর মসলাগুলো দিয়ে, সামান্য জল দিয়ে দিলাম। যেহেতু কড়াই শুঁটি ও গাজর এগুলো একেবারে শুকনো অবস্থায় থাকে, তাই সামান্য জলের মধ্যে সেদ্ধ না করলে হয় না। পাশাপাশি যেহেতু আমি চিকেনও ব্যবহার করেছিলাম, তাই এই জলে চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিলো।
এরপর আমি বেশ কিছুটা টমেটো সস উপর থেকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে, আগে থেকে জল ঝরতে দেওয়া ম্যাগি সেদ্ধ করে রাখা ম্যাগি গুলো দিয়ে, মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। ঠিক যেমনটা আপনারা ছবিতে দেখতে পারছেন। আলাদা করে আর কোনো হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করার প্রয়োজন নেই। ম্যাগি মসলার মধ্যে সমস্ত গুঁড়ো মসলা দেওয়া থাকে, সুতরাং তাতেই সমস্ত ম্যাগীর রং পরিবর্তন হয়ে যাবে।
বেশ কিছুটা কুচানো কাঁচা পেঁয়াজ ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। বাদাম খেতে আমি ভীষণ পছন্দ করি, তবে শুভ একেবারেই বাদাম খায় না বলে আমি আর আলাদা করে বাদাম দিইনি। এমনকি আলাদা করে আমি সসও নিইনি, যতটুকু টমেটো সসের প্রয়োজন ছিলো, আমি সবটাই মসলার মধ্যে দিয়ে দিয়েছিলাম।
বৃষ্টি যদিও সন্ধ্যা বেলায় হয়েছিলো, তবে যখন আমরা ডিনার করছিলাম তখন বৃষ্টি হচ্ছিলো না। তবে ভোটের রেজাল্টের খবর দেখতে দেখতে ডিনারটা দুজনে মিলে বেশ এনজয় করেছি। আর ম্যাগীর স্বাদটাও যে এতো সুন্দর হবে রান্না করার সময় আমি নিজেও সেটা বুঝতে পারিনি।
চটজল চিকেন দিয়ে বানানো এই ভিন্ন ধরনের ম্যাগীর রেসিপিটি আপনাদের কেমন লাগলো, সেটা কিন্তু অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। আর যেভাবে আমি তৈরি করলাম সেভাবে একবার তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন, আশাকরি আপনাদের এর স্বাদ বেশ ভালো লাগবে। আর অবশ্যই চেষ্টা করবেন ভেজ আটা নুডুলস ব্যবহার করার, কারণ এর মসলাটার একটা ভিন্ন স্বাদ রয়েছে এ কথা বলতেই হবে।
যাইহোক আজকের রেসিপি এই পর্যন্তই, আপনাদের রেসিপিটি পড়ে কেমন লাগলো সেটা জানার অপেক্ষায় রইলাম। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের লেখা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। শুভরাত্রি।



























Curated by : @lirvic
Thank you for your support @lirvic. 🙏