আলোর মাঝে দেবী দুর্গার মহিমা
শারদীয়ার সেই আবহ- যা ঢাকের শব্দ, ধূপের গন্ধ আর ভক্তদের ভিড়ের মাঝে হঠাৎ চোখে পড়ে এক অপূর্ব দৃশ্য। দেবী দুর্গার এই অসাধারণ মূর্তি যেন শুধুই একটি শিল্প নয়, বরং বিশ্বাস, সংস্কৃতি আর আবেগের এক জীবন্ত প্রতীক। মণ্ডপের কেন্দ্রবিন্দুতে বসে আছে মা দেবী দুর্গা, শান্ত অথচ শক্তির প্রতীক। তাঁর মুখমণ্ডলে এক অদ্ভুত প্রশান্তি, যা ভক্তদের মনে এক গভীর আস্থা ও আশ্রয়ের অনুভূতি জাগিয়ে তোলে। চোখের সেই তীক্ষ্ণ দৃষ্টি যেন অশুভ শক্তিকে বিনাশ করার জন্য প্রস্তুত। দেবীর দশভুজা রূপে প্রতিটি হাতে অস্ত্র, যা অন্যায় ও অশুভের বিরুদ্ধে ন্যায়ের প্রতীক। গলায় রঙিন মালা, অলংকারের সূক্ষ্ম কাজ এবং মাটির নিখুঁত গড়ন। সব মিলিয়ে মূর্তিটি যেন জীবন্ত মনে হচ্ছিলো।
মণ্ডপের উপরের অংশটি যেন এক স্বপ্নময় জগৎ। নীল আলোয় আলোকিত গম্বুজটি আকাশের মতো দেখাচ্ছিলো, যেন দেবী স্বয়ং স্বর্গ থেকে নেমে এসেছে। ডিজাইনটি অত্যন্ত শৈল্পিক ছিল, যা মেঘের মতো টেক্সচার এবং তার মাঝে নীল-বেগুনি আলো এক অসাধারণ পরিবেশ তৈরি হয়েছিলো। মূর্তির পেছনে দেখা যায় দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী, যেখানে প্রাচীন মন্দিরের ছোঁয়া রয়েছে। প্রতিটি স্তম্ভ, প্রতিটি খোদাই যেন এক একটি মুগ্ধ করার মতো সৌন্দর্য। পাশে দেবী লক্ষ্মী, সরস্বতী, গণেশ এবং কার্তিকের মূর্তিগুলো পুরো দৃশ্যটিকে আরো প্রাণবন্ত করে তুলেছিল। পাথরের মতো টেক্সচার, নিখুঁত খোদাই এবং ঐতিহ্যবাহী ডিজাইন মণ্ডপটিকে এক অনন্য শিল্পকর্মে পরিণত করেছিলো।

