জীবনের গল্প || সামাজিকতার শেকল

in আমার বাংলা ব্লগ4 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সুন্দর প্রকৃতির সুন্দর পরিবেশের সাথে বেশ আছি। প্রকৃতির এমন পরিবেশ কিংবা চারপাশের মানুষগুলোর মার্জিত আচরণ আমাদেরকেও মানসিকভাবে সুন্দর থাকার সুযোগ করে দেয়। সত্যি বলতে চারপাশের মানুষগুলো কতটা সময় এমন ভালো থাকে কিংবা কতটা সময় তারা এমন মার্জিত ব্যবহার করে, সেটাও আমাদের বুঝতে হবে। তারপর যদি সেভাবে আমরা চলতে পারি তাহলে কোন সমস্যা হবে না।

কিন্তু এটা কি আসলে সহজ? না, আমার দৃষ্টিতে সেটা একদমই সহজ বিষয় না। দেখুন যতটা সময় আপনি চারপাশের মানুষগুলো কথা শুনবেন কিংবা তাদের সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে কোন প্রকার বাধা হয়ে দাঁড়াবেন না, ততক্ষন পর্যন্ত তারা ভালো থাকবে এবং আপনার সাথে কাংখিত ব্যবহার করবে। কিন্তু যখনই আপনি তাদের কথা শুনবেন না, তাদের সুবিধা নিশ্চিত করবেন না, তখনই তাদের আচরণ পাল্টে যেতে ‍শুরু করবে, তারা বলতে ‍শুরু করবে আপনি নষ্ট হয়ে গেছেন, আপনি বদলে গেছেন, কি নির্মম বাস্তবতা।

pexels-fence-1869401 (1).jpg

ঠিক এমনটাই আমরা আমাদের চারপাশে দেখছি, তাই মাঝে মাঝে ইচ্ছে থাকলেও নিজেকে পাল্টাতে পারি না, নিজের অধিকারগুলো চাইতে পারি না, একটা অন্য রকম ভয় বা আতংক হৃদয়ের মাঝে কাজ করে। অথচ কথা ছিলো, সবার আগে নিজেকে দেখবো, নিজের বিষয়গুলোর প্রতি যত্নশীল হবো। কিন্তু হয়ে গেলো সম্পর্ণ উল্টোটা, নিজেরটা বাদ দিয়ে এখন আমরা ব্যস্ত অন্যের স্বার্থ কিংবা সুবিধা নিশ্চিত করার ব্যাপারে। যেহেতু সামাজিকতা রক্ষা করার জন্য আমাদের অনেক কিছু করতে হয়, সেহেতু এখানেও তেমনটা ঘটে।

যাইহোক, আমরা ছোটবেলা হতে পড়ে আসছি, অধিকার ছেড়ে যেতে নেই, অধিকার আদায় করে নিতে হয়। অথচ এখন যদি আমরা সেই সূত্রটা বিবেচনায় নিয়ে অধিকার প্রতিষ্ঠা করতে যাই, তাহলে সমাজের এমন সুন্দর চেহারাটা নিমিষেই পাল্টে যাবে, মানুষগুলোর মুখোশ বদলে যাবে, ভালো নামের মানুষগুলো খারাপ হয়ে যাবে। কি ভয়ংকর এক সমীকরণে চলছে আমাদের এই সমাজ ব্যবস্থা, আর সেখানে বাঁধা পড়ে আছি আমরা সাধারণ মানুষজনরা। প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছি আমাদের কাংখিত সুবিধা হতে।

চাইলেও আমরা সবটা পরিবর্তন করতে পারি না, চাইলেই আমরা এই সমাজ হতে বিচ্ছিন্ন হতে পারবো না, আর এই কারণেই আমরা এই সমাজের নানা অনিয়মের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। সামাজিকতা রক্ষা কিংবা পরিবারের মানুষগুলোর মুখের হাসি কথা বিবেচনায় নিয়ে আমরা গতিশীল থাকার চেষ্টা করছি। ভুলের যায়গায় ভুল টিকে থাক আর সম্পর্কের আবরণগুলো মসৃণ থাক।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png