প্রতিদিন বাঁচি
নমস্কার বন্ধুরা,
সময়ের পালাবদলে একটা প্রশ্ন থেকে যায়,আমরা আসলেই কি ঠিক ছিএলাম?আজকে এই ব্যস্ততম জীবনে দাঁড়িয়ে ফেরার তো আসলেই কোনো পথ নেই তবুও ভাবনারা আসে।
একটা হিসাবের জগতে
আমরা প্রতিদিন নিজেদেরই ভাগ করি—
কিছুটা বেঁচে থাকার খরচে,
কিছুটা সম্পর্কের সুদে,
কিছুটা এমন ঋণে
যার কাগজপত্র কোনোদিন দেখিনি।
এখানে ভালোবাসারও বাজারদর আছে,
অনুপস্থিতির আছে জরিমানা,
আর ক্ষমা—
সবচেয়ে দীর্ঘ মেয়াদের কিস্তি।
তুমি বলেছিলে,
সব কিছু ঠিক হয়ে যাবে;
আমি তখনও জানতাম না
‘ঠিক’ শব্দটির পাশে
এতগুলো শর্ত লেখা থাকে।
আমাদের দেখা হওয়ার দিনগুলো
ক্যালেন্ডার থেকে কেটে
আমি একটি গোপন খাতায় রেখেছিলাম;
সেখানে প্রতিটি স্পর্শের পাশে
লিখেছিলাম—
অপরিশোধিত আলো।
তারপর একদিন
তুমি তোমার লাভ-ক্ষতি বুঝে চলে গেলে,
আমি বসে রইলাম
ভাঙা সমীকরণের সামনে—
যেখানে তোমাকে বাদ দিলে
সব উত্তরই শূন্য হয়ে যায়।
এখন আমি হিসাব করি না,
শুধু দেখি—
মানুষ কত নিখুঁতভাবে
সংখ্যা হয়ে ওঠে,
আর কত ভুল যোগফলে
একটি সম্পূর্ণ জীবন
ধীরে ধীরে কমে আসে।
VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


